মহান আল্লাহ তায়ালা বলেন—
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ "তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।" (সূরা আল-ইনফিতার, ৮২:৫) "আল্লাহ এখানে 'কাজ করা' বলেননি, বলেছেন 'সামনে পাঠানো'। কেন? ধরুন আপনি কাউকে একটা ইমেইল লিখলেন, তারপর 'সেন্ড' বাটনে ক্লিক করলেন। একবার পাঠিয়ে দেওয়ার পর কি আর ফেরত আনা যায়? যায় না। ওটা চলে গেছে। আমাদের মুখের কথা আর আমাদের কাজও ঠিক এমন। করে ফেলামাত্রই সেটা সামনে পাঠিয়ে দেওয়া হয়, হাশরের ময়দানে আমাদের জন্য জমা হয়ে থাকে। ভালো হোক বা মন্দ, প্রতিটা কাজ আগেই বুকিং হয়ে যাচ্ছে। আর পেছনে কী ফেলে এলাম? কত ভালো কাজের সুযোগ এসেছিল। ফজরে ওঠার কথা ছিল, মসজিদে যাওয়ার কথা ছিল, সাদাকাহ দেওয়ার সুযোগ ছিল। আপনি পাশ কেটে চলে গেলেন। আবার পাপের সুযোগ হাতের নাগালে ছিল, তবু আপনি সেদিকে পা বাড়াননি। সেদিন কিছু সুযোগ হাতছাড়া করার জন্য বুক ফেটে আফসোস হবে। আর কিছু মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পেরেছিলেন বলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। একদিন আপনি চলে যাবেন, কিন্তু আপনার কাজের জের রয়ে যাবে। একটা মসজিদ বানাতে সাহায্য করলেন। আপনি মারা গেলেন, কিন্তু যুগের পর যুগ মানুষ সেখানে নামাজ পড়ছে, আর আপনার খাতায় সওয়াব জমা হচ্ছে। আবার উল্টোটাও হতে পারে। লাভের আশায় একটা মদের দোকান খুললেন। আপনি মরার পর ছেলেও ওই ব্যবসার হাল ধরল, বছরের পর বছর পাপের চাকা ঘুরতেই থাকল। আপনি কেবল কাজটাই করেননি, পেছনে তার বিষাক্ত ফলও রেখে গেছেন। আকাশ যখন ফেটে চৌচির হবে, তারাগুলো খসে পড়বে, কবর উল্টে মানুষ বেরিয়ে আসবে, তখন মানুষের প্রথম চিৎকার হবে: 'হায় আল্লাহ! কী পাঠিয়েছিলাম আর কী রেখে আসলাম!' আল্লাহ আমাদের টাইম ট্রাভেল করিয়ে সেই দিনে নিয়ে যাচ্ছেন, যাতে আমরা এখনই নিজেদের শুধরে নিতে পারি।" —উস্তাদ নোমান আলী খান (সূরা আল-ইনফিতারের তাফসীর থেকে)যারা আল্লাহর পথে প্রচেষ্টা চালায়
রাসূলুল্লাহ (সা.)-এর নবুয়তি জীবনের তেইশ বছরে যখনই কেউ ইসলামে প্রবেশ করেছে, তার জন্য কেবল 'সাধারণ মুসলিম' হয়ে বসে থাকার কোনো সুযোগ ছিল না। ইসলামের মিশনকে তাকে গ্রহণ করে নিতে হতো নিজের জীবনের মিশন হিসেবে। ভাবটা এমন—তুমি এই মিশনে যোগ দিয়েছ। মিশন সফল হোক বা ব্যর্থ, তাতে কিছু যায় আসে না; কিন্তু এর জন্য তোমাকে ত্যাগ স্বীকার করে যেতে হবে, প্রয়োজনে জীবনও দিতে হতে পারে। যত দিন তুমি অবদান রেখে যাবে, তত দিনই তোমার জীবনের মূল্য আছে। এই পথে কোরবানি করতে তুমি কখনো পিছপা হও না। কারণ, তুমি এটাকে আদৌ কোরবানি হিসেবে দেখো না; দেখো আল্লাহর এই ঘোষণার আলোকে—
إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ
"তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে।" (সুরা বনি ইসরাইল, ১৭:৭)
এবার মানসিকতার জায়গাটা বোঝার চেষ্টা করুন। একজন সাধারণ মুসলিম আর আল্লাহর পথে প্রচেষ্টারত একজন সংগ্রামী মানুষের দৃষ্টিভঙ্গিতে আকাশ-পাতাল পার্থক্য। আমি এখানে এ ধরনের মানুষদের 'সংগ্রামী' বলছি বটে, তবে আসলে এঁদেরই বলা উচিত মুমিন।
সাধারণ মুসলিমের দুশ্চিন্তা থাকে—'আমাকে ন্যূনতম কতটুকু করতে হবে?' "আমি কি এটা খেতে পারব? এটা কি হালাল? কত ওয়াক্ত নামাজ পড়তে হবে—পাঁচ ওয়াক্ত, তাই তো? তাহাজ্জুদ কি বাধ্যতামূলক? না? আচ্ছা, তাহলে পাঁচ ওয়াক্তই পড়ব। সব নফল কি আদায় করতে হবে? থাক, আমাকে শুধু মিনিমামটুকু বলে দিন। অমুক কাজটা করা যাবে কি? শুধু বলে দিন কোনটা হালাল, কোনটা হারাম—ব্যস, আমার আর কোনো প্রশ্ন নেই। হজ কয়টা ফরজ? একটা? সেটাও সামর্থ্য হলে, তাই তো? ঠিক আছে, এটুকুই করব।"—এই হলো আমাদের চোখে 'মুসলিম'-এর সংজ্ঞা।
অথচ যে ইসলামের মিশনে যোগ দেয়, সে কখনো জিজ্ঞেস করে না, 'ন্যূনতম কতটুকু করলেই চলবে?' বরং সে সব সময় করে ঠিক উল্টো প্রশ্নটা। কী সেই প্রশ্ন? 'আমি কি যথেষ্ট করেছি?' কারণ, তার সামনে একটা মিশন আছে। যত দিন সেই মিশন বাস্তবায়িত না হয়, তত দিন তার ভেতরে একটাই বোধ কাজ করে—এখনো অনেক কিছু করার বাকি; আমি এখনো যথেষ্ট করিনি। এক তীব্র নেশা এই মানুষগুলোকে তাড়িয়ে বেড়ায়। তারা নিজেদের জন্য বাঁচে না; ক্যারিয়ার, টাকাপয়সা, ধনসম্পদ, বাড়ি-গাড়ির জন্য বাঁচে না—বাঁচে ইসলামের জন্য। এই ব্রত নিয়েই তারা সকালে ঘুম থেকে ওঠে, আর এই মিশনই কেড়ে নেয় তাদের রাতের ঘুম।
সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম আজমাইন) ঠিক এমনই ছিলেন। তাঁরা এসে বলতেন না, 'আমাকে ন্যূনতমটুকু বলে দিন।' বরং রাসূল (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করতেন, "আমাকে এমন একটা আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে পৌঁছে দেবে।" "সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি, যা আমি করতে পারি?"
আর আজ? আজ কেউ এসে জানতে চায় না, সর্বোত্তম কাজটি কী। আমরা কী জিজ্ঞেস করি? "মিনিমাম কতটুকু করলে পার পাওয়া যাবে, সেটা বলুন—যেন কোনো ঝামেলায় না পড়ি। একটা ফতোয়া দিয়ে দিন।" এতে অবশ্য আমরা মুনাফিক হয়ে যাই না। কিন্তু একটা বিষয় বুঝে নিতে হবে—সাধারণ মুসলিমের দৃষ্টিভঙ্গি হলো 'ন্যূনতম', আর আল্লাহর পথে সংগ্রামী মানুষের দৃষ্টিভঙ্গি হলো প্রতিনিয়ত বাড়তি পথটুকু পাড়ি দেওয়া—এক্সট্রা মাইল অতিক্রম করা।
রাসূলুল্লাহ (সা.)-এর নবুয়তি মিশনের যুগে কেউ ইসলাম গ্রহণ করলে তার পক্ষে 'সাধারণ মুসলিম' থেকে যাওয়ার উপায় ছিল না; তাকে হতে হতো সেই এক্সট্রা মাইল পাড়ি দেওয়া মানুষদেরই একজন। সেই সংগ্রামমুখর সময়ে কেউ যদি বলত, 'আমাকে শুধু মিনিমামটুকু দিন'—সাধারণ মুসলিমের মতো সেই নিষ্ক্রিয় আচরণই ছিল মুনাফিকি। নিছক মুসলিম হয়ে একা একা ইবাদত করার সুযোগ তাদের ছিল না। "তুমি সংগ্রাম করতে চাও না? মানে কী? এভাবে তো তুমি ঈমানই হারিয়ে ফেলবে!" তবে তাদের কাফের বলা হতো না—এটা আইনি পরিভাষার প্রশ্ন নয়। ব্যাপারটা হলো, তারা ত্যাগ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছিল।
তাহলে আমাদের সময়ের সঙ্গে এর তুলনা কোথায়? সত্যি বলতে, ওই তেইশ বছরের সঙ্গে কোনো যুগেরই তুলনা চলে না। ওটা ছিল কুরআনের যুগ, ওই প্রজন্ম ছিল কুরআনের প্রজন্ম। তাদের কাছে যে মাত্রার ত্যাগ চাওয়া হয়েছিল, তেমন ত্যাগ আর কারও কাছে কোনো দিন চাওয়া হবে না। তারা সত্যিই সেই বাড়তি পথ পাড়ি দিয়েছিল।
তাহলে আমাদের বেলায়? ওই মানদণ্ড হুবহু আমাদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। তবু এরপরও আমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবেই, আল্লাহ যাদের অন্তরে একটা তাগিদ গেঁথে দেবেন—কম্পিউটারের ভাষায় বললে, একটা 'বাগ' ইনস্টল করে দেবেন। সেই মানুষগুলো বলবে, "আমাকে আল্লাহর দ্বীনের খেদমত করতেই হবে। আর কেউ না করুক, আমাকে করতে হবে। দ্বীনের অমুক অমুক অঙ্গনে কাজ দরকার, অথচ এখনো হয়নি। যত দিন না কাজটা এমন পর্যায়ে পৌঁছায় যে পেছন ফিরে বলা যায়, 'আলহামদুলিল্লাহ, এর হক আদায় হয়েছে'—তত দিন আমি শান্তিতে ঘুমাতে পারব না। আমাকে নিজেকে তৈরি করতে হবে। কাজটা আমাকেই করতে হবে।"
এর জন্য যে খিলাফত প্রতিষ্ঠার মতো বিশাল কিছু হতে হবে, তা নয়। হতে পারে খুব সাদামাটা কিছু—"আমাদের শিশুরা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। এ নিয়ে আমাকে কিছু একটা করতে হবে। এই উম্মাহর শিশুদের শিক্ষার মান উন্নত করতে আমি কাজ করব। এটাই আমার জীবনের 'ফি সাবিলিল্লাহ'।" সবাই এটা পারে না, কিন্তু কেউ কেউ পারে। তারা বলে, "এটাই আমার জীবনের মিশন। এই কাজেই আমি জীবন ব্যয় করতে চাই।"
আমি নিজে এমন এক প্রজন্মের তরুণ ছিলাম, যাদের অন্তরে এই 'বাগ' ঢুকিয়ে দেওয়া হয়েছিল—"উম্মাহর জন্য তোমাকে কিছু করতে হবে।" আদি সেই বাগ হয়তো আজ 'আনইনস্টল' হয়ে গেছে, কিন্তু তার খানিকটা এখনো রয়ে গেছে। আর সেটুকু একেবারেই যথার্থ। সেই বাগটা হলো—তুমি স্রেফ 'মুসলিম' হয়ে বসে থাকতে পারো না। এমন এক তাৎপর্যময় সময়ে তুমি বাস করছ যে কোনো না কোনো সংগ্রামের সঙ্গে তোমার যুক্ত থাকা উচিত।
শেষ করছি আল্লামা ইকবালের একটি কবিতার মর্মার্থ দিয়ে। কবিতাটি মরুভূমির টিউলিপ ফুল নিয়ে। টিউলিপের বৈশিষ্ট্য হলো—এ ফুল বাগানে ফুটতে পারে, পাহাড়ের গায়ে ফুটতে পারে, এমনকি ধু-ধু মরুভূমিতেও জন্মাতে পারে। যেখানেই ফোটে, তার রূপ আর সৌরভ ছড়িয়ে পড়ে চারদিকে। ইকবাল মুসলিম তরুণদের বলেন—তোমরা এই টিউলিপের মতো।
নিজের সময়ের মুসলিম তরুণদের দিকে তাকিয়ে তিনি যেন বলছেন, "ওহে টিউলিপ! তুমি তো যেখানে খুশি ফুটতে পারো; তবে কেন বাগানের আরামে পড়ে আছ? তোমাকে সৃষ্টিই করা হয়েছে চ্যালেঞ্জ নেওয়ার জন্য। কত গাছ আছে, বাগানের বাইরে যারা বাঁচতেই পারে না; তুমি তো তেমন নও। তোমার কাজ তো মরুভূমিকে বাগান বানানো!"
তিনি বোঝাতে চেয়েছেন—পৃথিবী আজ গভীর সংকটে। এই সংকট থেকে বিশ্বকে বাঁচাতে পারে কেবল এই উম্মাহর তরুণেরাই। তাদেরই পাড়ি দিতে হবে সেই বাড়তি পথটুকু। সুবহানাল্লাহ!
— নোমান আলী খান
Comments
Post a Comment