Skip to main content

যেমন ছিল আবু বকর (রা.)-এর বিচার

 ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.)-এর শাসনামল ছিল খোলাফায়ে রাশিদুনের সূচনা। সে হিসেবে এর গুরুত্বও ছিল অপরিসীম। তাঁর খেলাফতকাল ছিল নবীযুগের একবারে কাছাকাছি।

তাঁর সময়ের বিচারব্যবস্থা ছিল মূলত মহানবী (সা.)-এর বিচারব্যবস্থারই সম্প্রসারণ ও সংরক্ষণ। মহানবী (সা.)-এর যুগে যা কিছু প্রমাণিত ছিল, তা হুবহু সংরক্ষণ ও কঠোরভাবে অনুসরণ করা হতো। যেমন: বিচার-সংক্রান্ত মহানবী (সা.)-এর সময়ের সমস্ত দলিল-প্রমাণ সংরক্ষণ করা এবং সে অনুযায়ী পুরোপুরি কাজ করা। সম্প্রসারিত ইসলামি সাম্রাজ্যের নতুন নতুন সমস্যার সমাধানের জন্য নতুন আইন তৈরি করা।

রাসুল (সা.)-এর যুগের মতো তাঁর শাসনামলেও বিচারবিভাগকে প্রশাসন থেকে আলাদা করা হয়নি এবং বিচারকাজের জন্য আলাদা কোনো দপ্তরও ছিল না। মদিনায় বিচারবিভাগ দেখাশোনার জন্য তিনি উমর (রা.)-কে নিযুক্ত করেছিলেন।

বিচারকার্যে শুধু উমর (রা.) নন, আরও অনেকে যুক্ত ছিলেন। খলিফা নিজেও বিচার করতেন এবং ফায়সালা দিতেন। এছাড়া রাসুল (সা.) সেসব কাজি ও গভর্নর নিয়োগ দিয়েছিলেন, তিনি তাঁদেরকে স্বপদে বহাল রাখেন। (মুস্তফা জুহাইলি, তারিখুল কাজা ফিল ইসলাম, পৃ. ১৩৪)

আবু বকর (রা.) বিচারকাজ পরিচালনায় চারটি উৎসকে মূল ভিত্তি হিসেবে সামনে রাখতেন— ১. কোরআন, ২. হাদিসে রাসুল। ৩. ইজমা অর্থাৎ, আলেম ও ফকিহ সাহাবীদের পরামর্শ ও ফাতওয়া। ৪. ইজতিহাদ অর্থাৎ, শরিয়তসম্মতভাবে নতুন বা জটিল বিষয়ে আলেম ও ফকিহদের গভীর গবেষণাভিত্তিক সিদ্ধান্ত।আবু বকর (রা.)-এর নীতি ছিল, তাঁর কাছে কোনো মামলা উত্থাপিত হলে প্রথমেই কোরআনে এর সমাধান খুঁজতেন। সেখানে নির্দেশনা পেলে সরাসরি সে অনুযায়ী ফায়সালা করতেন।

কোরআনে না পেলে হাদিসে নববি অনুসন্ধান করতেন। হাদিসেও স্পষ্ট নির্দেশনা না পেলে তিনি উপস্থিত লোকদের জিজ্ঞেস করতেন, ‘এ বিষয়ে রাসুল (সা.)-এর কোনো ফয়সালা সম্পর্কে কি তোমরা জানো?’ 

যদি কেউ নির্ভরযোগ্যভাবে কোনো হাদিস স্মরণ করিয়ে দিত, তিনি বলতেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখনো এমন লোক আছেন, যাঁরা রাসুলের সিদ্ধান্ত মনে রেখেছেন।’

এরপর সেই ভিত্তিতেই রায় দিতেন। এতেও যদি সমাধান না পেতেন, তাহলে তিনি সাহাবীদের শুরাপরিষদের সভা ডাকতেন। এরপর তাঁদের পরামর্শ ও সম্মিলিত মতামতের ওপর ভিত্তি করেই রায় নির্ধারণ হতো।

এ থেকে বোঝা যায়, শুরার সিদ্ধান্তকে তিনি প্রায় বাধ্যতামূলক মনে করতেন। এমনকি খালিদ ইবনুল ওয়ালিদ (রা.)-কে তিনি নির্দেশ দিয়েছিলেন, ‘তুমি মানুষের পরামর্শ নেবে ও তাদের মতের বিরোধিতা করবে না।’ (ড. মুহাম্মদ রাওয়াস কালাজি, মাউসুআতু ফিকহি আবি বাকরিনিস সিদ্দিক, পৃ. ১৫৫-১৫৬)

বিচারকাজে খলিফা আবু বকর (রা.) সংবাদ গ্রহণ, সাক্ষ্য যাচাই এবং প্রমাণ নিশ্চিত করতে অত্যন্ত সতর্ক ছিলেন।

কাবিসা ইবনে জুয়াইব থেকে বর্ণিত আছে, এক নারী তাঁর নাতির সম্পদে নিজের অংশ দাবি করে আবু বকর (রা.)-এর কাছে এলে তিনি প্রথমে বলেন, ‘আল্লাহর কিতাবে তোমার জন্য কোনো নির্দিষ্ট অংশ পাই না; আর এ বিষয়ে রাসুল (সা.)-এর কোনো সিদ্ধান্তও আমার জানা নেই।’

এরপর তিনি উপস্থিত সাহাবীদের জিজ্ঞেস করলে মুগিরা ইবনে শুবা (রা.) বলেন, তিনি রাসুল (সা.)-কে দেখেছেন, রাসুল (সা.) একজন নানিকে সম্পদের ছয় ভাগের এক ভাগ (ষষ্ঠাংশ) দিতে দেখেছেন। আবু বকর (রা.) তাঁর কথার সাক্ষ্য চাইলেন। তখন মাসলামা (রা.) সাক্ষ্য দিলে তিনি ওই মহিলার জন্য ষষ্ঠাংশের নির্দেশ দিয়ে দেন। ( জাহাবি, তাজকিরাতুল হুফফাজ, দারুল ইলমিয়্যা, বৈরুত, ১/২)

এ ঘটনার মাধ্যমে আবু বকর (রা.)-এর বিচারনীতির একটি মূলনীতি স্পষ্ট হয়, বিচারক শুধুমাত্র ব্যক্তিগত জ্ঞানের ওপর ভরসা করে ফয়সালা দেবেন না; বরং নির্ভরযোগ্য সাক্ষ্য বা প্রমাণ থাকা আবশ্যক। তাঁর আরেকটি বক্তব্য হলো, ‘আমি যদি কাউকে এমন কোনো অপরাধে লিপ্ত দেখি, যাতে শরয়ি হদ প্রযোজ্য হয়, তবু পরিষ্কার দলিল বা সাক্ষী ছাড়া আমি শাস্তি কার্যকর করব না।’ (সাবহি মিহমাসানি, তুরাসুল খুলাফাইর রাশিদিন, দারুল ইলিম বৈরুত, পৃ. ১৮৬)

আবু বকর (রা.)-এর শাসনকালে সংঘটিত কয়েকটি বিচারের রায় তুলে ধরা হলো : 

১. বেত্রাঘাতের নির্দেশ : ইমাম মালেক রাহ. নাফে থেকে বর্ণনা করেন, সাফিয়া বিনতে উবায়েদ তাঁকে বলেছেন, এক ব্যক্তিকে আবু বকর সিদ্দিকের কাছে উপস্থিত করা হয়। লোকটি একটি বাঁদির সঙ্গে ব্যভিচার করে এবং বাঁদিটি গর্ভবতী হয়ে যায়। লোকটি নিজেই দোষ স্বীকার করায় সাক্ষীর প্রয়োজন হয়নি। সে অবিবাহিত ছিল; তাই আবু বকর (রা.) তার ওপর ১০০ বেত্রাঘাত কার্যকর করেন এবং তাকে ফিদাক অঞ্চলে নির্বাসিত করেন। (মুওয়াত্তা ইমাম মালেক, কিতাব আল-হুদুদ, হাদিস: ৮৪৮)

আরেক বর্ণনায় বলা হয়েছে—বাঁদি নারীর ব্যাপারে কোনো শাস্তি দেওয়া হয়নি, কারণ তার সঙ্গে জোরপূর্বক ব্যভিচার করা হয়েছিল। পরে আবু বকর (রা.) পরিস্থিতি বিবেচনায় ওই নারীকে সেই ব্যক্তির সঙ্গেই বিবাহবন্ধনে যুক্ত করে দেন।

আবু বকর (রা.)-কে জিজ্ঞেস করা হয়, ‘কেউ যদি ব্যভিচারের পর কোনো নারীকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে, তখন কী করা উচিত?’ তিনি বলেন, ‘এর চেয়ে উত্তম তাওবা আর নেই; সে যেন তাকে বিয়ে করে নেয় এবং ব্যভিচারের পথ থেকে সরে আসে।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ১২৭৯৬)

২. প্রতিবিধানমূলক ফায়সালা: আলি ইবনে মাজিদা সাহমি (রা.) বলেন, আমি এক ব্যক্তির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে তার কানের একটি অংশ কেটে ফেলি। পরে আবু বকর সিদ্দিক (রা.) হজের উদ্দেশ্যে মক্কায় এলে ঘটনাটি তাঁর সামনে পেশ করা হয়। তিনি উমর (রা.)-কে লক্ষ করে বললেন, ‘উমর, এর কিসাস বা প্রতিবিধানমূলক দণ্ড সম্পর্কে তোমার ধারণা কী?’ উমর (রা.) একইভাবে তার কান কাটার কথার বললে আবু বকর বললেন, তিনি নবীজিকে বিনিময়ে একটি দাস দেওয়ার কথা বলতে শুনেছেন। (ওয়াকি, আখবারুল কাজা, ২/১০২)

৩. পিতার খরচের ভার সন্তানের ওপর: কায়েস ইবনে আবু হাজিম (রা.) বলেন, আমি আবু বকর সিদ্দিক (রা.)-এর পাশে বসে ছিলাম। এমন সময় এক ব্যক্তি তাঁর পিতার দিকে ইঙ্গিত করে বলল, ‘হে আল্লাহর রাসুলের খলিফা! আমার এই পিতা আমার পুরো সম্পদ নিতে চান, যদিও তাঁর প্রয়োজন আছে।’ আবু বকর (রা.) পিতাকে লক্ষ করে বললেন, ‘তোমার যতটুকু প্রয়োজন, তুমি তোমার সন্তানের সম্পদ থেকে ততটুকুই নিতে পারো।’

এ কথা শুনে লোকটি বলল, ‘হে আল্লাহর রাসুলের খলিফা, রাসুল (সা.) কি বলেননি, “তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য?”’ জবাবে আবু বকর (রা.) বললেন, ‘আল্লাহ যা পছন্দ করেন, তুমিও তা-ই পছন্দ করো।’ অন্যান্য বর্ণনায় আছে, এখানে সম্পদ নেওয়ার উদ্দেশ্য হলো ভরণ-পোষণের খরচ, যা সন্তানের ওপর পিতার ন্যায্য অধিকার। (আস-সুনানুল কুবরা, ৭/৪৮১)

উপরের ঘটনাগুলোই সিদ্দিকি যুগে সংঘটিত কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার উদাহরণ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর শাসনামলের বিচারব্যবস্থার বৈশিষ্ট্য ছিল দুর্বলদের সহায়তা, মজলুমের হক আদায় এবং সমতাভিত্তিক সিদ্ধান্ত। ফায়সালা যার ব্যাপারেই হোক—খলিফা, গভর্নর বা সমাজের বড় কেউ—বিচারক নিরপেক্ষভাবে রায় দিতেন এবং তা সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা হতো। (মুস্তফা জুহাইলি, তারিখুল কাজা ফিল ইসলাম, পৃ. ১৬০)

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

কত কেজিতে এক মণ?

  কত কেজিতে এক মণ? এই প্রশ্নটা করলে নতুন প্রজন্মের প্রায় সবাই বলে ৪০ কেজি। কিন্তু কথাটা ভুল। ৪০ সেরে এক মণ যা ৩৭.৩২ কেজির সমান। মণ বাংলা ও ভারত এলাকার ওজনের পরিমাপ। আর কেজি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার ওজনের একক। 1889 সালে ছবির বস্তুটিকে এক কেজি বলে ঘোষণা করা হয় এবং একে একক ধরে কেজি, মেট্রিক টন (এক হাজার কেজি) এবং গ্রাম (কেজির এক হাজার ভাগের এক ভাগ) হিসেব করা হয়। দেশীয় এককের সাথে এর কোন মিল নেই। ৫ তোলায় ১ ছটাক ; ৪ ছটাকে ১ পোয়া ; 8 পোয়ায় ১ সের ; ৪০ সেরে ১ মণ। কিন্তু কেজির অতিরিক্ত প্রচলনের ফলে এখন আমরা ৪০ কেজিতে মণ ধরে হিসেব করছি এবং বাকি দেশীয় হিসেব নিকেশ ভুলে গেছি। জমির পরিমাপের ক্ষেত্রে এখনও দেশীয় এককের ব্যবহার আছে যেমন কানি, কাঠা, কাঠি, কড়া, গন্ডা, খাদা, বিঘা (এক এক এলাকায় এক এক রকম)। সোনার পরিমাপের ক্ষেত্রেও দেশীয় একক ভরি, আনা ব্যবহৃত হয় কিন্তু এই অঞ্চলের ওজন পরিমাপের একক একেবারে হারিয়ে গেছে। ========================================================== ফেসবুক বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত। গুগল বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত সেই স্বপ্ন ও চেষ্টা প্রতি ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...