~মিনির গল্প~
তালিবুল হাক্ক "মিনি! তুমি শুধু একটা বিড়াল ছিলে না, তুমি ছিলে আমার পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ।" আল্লাহ তায়ালা তোমাকে হেফাজত করুন, ইনশাআল্লাহ, বি ইযনিল্লাহ। আমি জানি, তোমার অনেক কষ্ট হচ্ছে। তোমাকে যেন এক অনিশ্চিত হায়নার শহরে ফেলে আসা হলো... এমন এক জায়গায়, যেখানে মানবতার মুখোশ পরা প্রাণীগুলো হায়নার চেয়েও হিংস্র। তুমি আমাদের চিনতে, জানতে, বিশ্বাস করতে শিখেছিলে। “মিনি” বলে ডাক দিলেই দৌড়ে আসতে আমার কাছে। খুনসুটি করতে তোমার ভাইদের সঙ্গে, একসাথে ঘুমাতে, খাবার ভাগ করে খেতে। সেই ছোট ছোট মুহূর্তগুলো ছিল অনেক বড় ভালোবাসা। আমি ঘুমিয়ে থাকলে তুমি নিঃশব্দে এসে খোঁজ নিতে... আমি টের পেতাম, তোমার নিঃশব্দ ভালোবাসা। তুমি কতটা মিশুক ছিলে! মাশাআল্লাহ। কিন্তু এখন সবই যেন থেমে গেছে। আর “মিনি” বলে ডাক দিলেই তুমি আসবে না। বিছানায় ঘুমাবে না। ব্যালকনিতে বসে বাতাসের গন্ধ নিবে না। তোমার স্পর্শ, তোমার চোখের ভাষা সব যেন স্মৃতি হয়ে গেল। আমি জানি, আমি হেরে গেছি। তুমি এখন বড় হয়েছো। হয়তো ক’দিন পরেই বাচ্চা দেবে। আর এই ভয়েই সবাই দূরে সরে গেল। আমিও… অবশেষে নিজেকে বেছে নিলাম। হ্যাঁ, চাইলেই তোমার জন্য স্প্রে সার্জারি করানো যেত। কিন্তু তুমি যে “একটা বিড়াল”! তোমার পেছনে খরচ করাটা পরিবার মেনে নেবে না, এটাই বাস্তবতা। তুমি যেন একটা খেলনা... পছন্দ হলে কাছে রাখা, অপছন্দ হলে দূরে ফেলে দেওয়া। তুমি বাঁচো কিংবা মরো, এখন আমার দেখার সময় নেই! কারণ আমি পাথর হয়ে গেছি, মিনি। আমার নিজের ভবিষ্যৎ এখন আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তবে একটা কথা জানো, মিনি— যেদিন ঝুড়িতে তোমাকে বন্দি করেছিলাম, সেদিন তুমি বুঝে গিয়েছিলে তোমাকে ফেলে আসা হবে। তোমার সেই আর্তনাদ, সেই করুণ চিৎকারগুলো আজও আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। আজীবন থাকবে। তুমি ছিলে আমার ছোট্ট মিনি। আর আজ... আমি কেবল এক অপরাধবোধের বোঝা বয়ে বেড়ানো মানুষ।
.jpg)
Comments
Post a Comment