পোষা প্রাণীরা আমাদের শুধু আনন্দই দেয় না, তারা আমাদের সত্যিকারের মানুষ হতে শেখায়। তারা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সকল প্রাণের প্রতি দায়িত্ব ও সহানুভূতির গুরুত্ব। একজন প্রাণী প্রেমিক যেমন জেমস ক্রমওয়েল তার বক্তব্যে বলেছেন, “পোষা প্রাণীরা আমাদের মানুষ হতে শেখায়। তারা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সকল প্রাণকে রক্ষা করা ও তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।” এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর সত্য—আমরা যদি নিজেদের সভ্য বলে দাবি করি তবে আমাদের আচরণে সেই মানবিকতার প্রকাশ থাকতে হবে বিশেষ করে অসহায় ও নিরীহ প্রাণীদের প্রতি। পোষা প্রাণীদের সঙ্গে বসবাস আমাদের জীবনকে যেমন পরিপূর্ণ করে তোলে, তেমনি তারা আমাদের মধ্যে ভালোবাসা, ধৈর্য, সহনশীলতা ও দায়িত্ববোধ গড়ে তোলে। তারা পরিবারের সদস্যের মতো হয়ে ওঠে, অনেক সময় আমাদের মানসিক ভরসার আশ্রয়ও হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীরা মানুষের চিন্তা কমাতে সাহায্য করে, একাকীত্ব দূর করে, এমনকি হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয় (সূত্র: Harvard Health Publishing, 2021)। তাদের যত্ন নেওয়া শিখিয়ে দেয় কেমন করে অন্য কারো কষ্ট বুঝে পাশে দাঁড়াতে হয়। আজ যখন আমরা পরিবেশ দূষণ, বনজ সম্পদের ধ্বংস আর প্রাণী নিধনের খবর শুনি, তখন স্পষ্ট বোঝা যায়—মানুষের লোভ আর দায়িত্বহীনতাই প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। তাই সময় এসেছে আমাদের আরও সচেতন হওয়ার। প্রতিটি প্রাণের জীবনের মূল্য আছে এবং তাদের রক্ষা করার নৈতিক দায়িত্ব আমাদেরই। পোষা প্রাণীরা আমাদের এটাই শিখিয়ে যায়—ভালোবাসার ভাষা কোন প্রাণীরই ভিন্ন নয়, শুধু বোঝার মন চাই।
.jpg)
Comments
Post a Comment