আকাশের দিকে তাকানো আমার ছোট্ট এক অভ্যাস। মেঘের ভেতর আমি সবসময় কিছু না কিছু খুঁজে পাই। আজও হঠাৎ চোখে পড়ল... একটা মেঘ যেন হুবহু আমার লুলুর মতো। গোলগাল শরীর, কানদুটো খাড়া আর সেই চেনা ভঙ্গি। মুহূর্তের জন্য মনে হলো, আকাশটা আমার সাথে মজা করছে, যেন লুলুকে আবার ফিরিয়ে দিয়েছে আমার কাছে। লুলু ছিলো আমার জীবনের প্রথম বিড়াল। ছোট্ট অবস্থায় ঘরে আনা সেই লুলু ও তার বোন আমার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছিল। আমি যেখানে যেতাম, লুলু সেখানেই পেছনে পেছনে ছুটত। আমার পড়ার টেবিলে, আমার বিছানায় এমনকি মন খারাপ হলে কোলের ওপর উঠে বসে থাকত। ওর সেই সরল দুষ্টুমি আর মায়াভরা চোখগুলো আজও স্পষ্ট মনে আছে। কিন্তু জীবনের গল্প সবসময় মনের মতো হয় না। একদিন হঠাৎ করেই লুলু নেই। সে মারা যায়নি, চুরি হয়ে গিয়েছিলো বাড়ির সামনে থেকে। সেই দিনটার কথা মনে পড়লেই বুকটা এখনও কেঁপে ওঠে। আমি অসংখ্যবার খুঁজেছি, পোস্টার দিয়েছি, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছি। তবুও লুলুকে আর ফিরে পাইনি। আজও আমি লুলুকে খুঁজে ফিরি। হয়তো তাকে আর কোনোদিন দেখতে পাবো না, তবুও বিশ্বাস করি লুলুর সাথে আমার বন্ধনটা এখনও ভাঙেনি। আমি যত বিড়ালই পালি, যত ভালোবাসাই দিই... লুলুর জায়গাটা কেউ নিতে পারে না। ভালোবাসা তো কখনও শেষ হয় না, শুধু রূপ বদলায়। হয়তো তাই আকাশের মেঘেও আমি লুলুকে খুঁজে পাই। মনে হয় সে আকাশের মেঘ হয়ে আমাকে বলছে— “চিন্তা করো না, আমি তোমার কাছেই আছি, শুধু অন্য কোথাও।”

Comments
Post a Comment