Skip to main content

প্রতিটি শব্দের ঢেউ আছে


 অনেক সময় আমরা বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি আর এসব কাজের দীর্ঘ মেয়াদি ফল নিয়ে চিন্তা করি না। আল্লাহ তায়ালা সূরা আলে ইমরানের ১৮২ নাম্বার আয়াতে বলেন - ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ - "এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ।"

এই আয়াত আমাদেরকে যে দৃষ্টিতে পৃথিবী দেখা শেখাচ্ছে তা হলো: প্রতিটি শব্দ যে আমি উচ্চারণ করি, আমার করা প্রতিটি কাজ, আমার প্রতিটি অভিজ্ঞতা, যা কিছু আমি খরচ করি, যা কিছু আমি উপভোগ করি, যে মজা আমি এখন উপভোগ করি, যে মজা থেকে আমি এখন বিরত থাকি - এই সবকিছুর ভবিষ্যতে ফলাফল আছে। সবকিছুর। একটি উদাহরণ দিচ্ছি। যদি ছোট্ট একটি ইটের টুকরা নিয়ে পানিতে নিক্ষেপ করেন, কী হয়? পানিতে ছোট ছোট ঢেউ দেখা যায়। প্রতিটি নুড়ি পাথরের ঢেউ আছে, প্রতিটি শব্দের ঢেউ আছে, প্রতিটি দয়ার ঢেউ আছে, প্রতিটি অপমানকর কথার ঢেউ আছে, প্রতিটি মূর্খতার ঢেউ আছে, প্রতিটি পাপের ঢেউ আছে, প্রতিটি ভালো কাজের ঢেউ আছে। আমাদের করা প্রতিটি কাজের ঢেউ আছে। আল্লাহ তায়ালা সূরা ইয়াসিনে বলেছেন - " ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আ-সারাহুম" - আমি লিখে রাখছি তারা যা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেছে, এবং যে চিহ্ন-রেখা তারা পেছনে রেখে গেছে। (ভাবানুবাদ) কারণ, আমরা যা কিছুই করি না কেন তা আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। তাই না? হ্যাঁ। কিন্তু আবার আমাদের পরের প্রজন্ম আমাদের চলা পথটাই দেখবে। আমাদের কাজ অন্যদেরও প্রভাবিত করে। আমরা আমাদের পেছনে একটা লাইন রেখে যাচ্ছি। এই আয়াতে যে একটি অসাধারন দৃষ্টিভঙ্গি শেখানো হচ্ছে, আমরা যা কিছুই করি না কেন তা আসলে একটি বিনিয়োগ। আর আমরা মুসলিম হিসেবে দীর্ঘ মেয়াদি চিন্তা করি। প্রথমে পার্থিব একটি উদাহরণ দিচ্ছি, পরে দীন নিয়ে কথা বলবো। কলেজ জীবনে দেখেছি... আর আপনারাও ছাত্র জীবনে দেখে থাকবেন - কিছু কিছু ছাত্র পড়া লেখা নিয়ে দারুণ ব্যস্ত থাকে। আর আরেকদল আছে যারা শুধু আড্ডাবাজি করে বেড়ায়। স্কুল-কলেজ জীবনে শুধু আনন্দ স্ফূর্তি আর আড্ডাবাজিতে কেটে যায় তাদের সময়। প্রতিটি অনুষ্ঠানে যোগ দেয়, ক্লাস ফাঁকি দেয়....কলেজ জীবনে সে তার জীবনের সেরা সময় কাটায়। আবার একই কলেজ বা ভার্সিটিতে অনেক ছাত্রকে পাবেন যারা অধ্যয়ন নিয়ে দারুন ব্যস্ত। সামাজিক অনুষ্ঠানগুলো মিস করছে, আড্ডা দেয়া মিস করছে, আনন্দ স্ফুর্তির প্রচুর সুযোগ তারা ছেড়ে দিচ্ছে। তারা শুধু পড়ছে, পড়ছে আর পড়ছে। তাদের মাথায় একটা লক্ষ্য আছে। আর তাদের বন্ধুরা যারা আড্ডা দিতে যাচ্ছে, কনসার্টে যাচ্ছে, খেলা দেখতে যাচ্ছে তাকে উদ্দেশ্য করে বলছে - "কিরে তোর কি কোনো জীবন নেই? এই সুযোগ তো আর কোনোদিন ফিরে পাবি না। এটাই তোর জীবনের সেরা সময়।" কিন্তু তারা বোঝে না যে, আড্ডা দেওয়া ছেলেগুলো বর্তমান উপভোগ করার জন্য বাঁচে। আর পড়ুয়া ঐ ছেলেটি বা মেয়েটি কিসের জন্য বাঁচে? ভবিষ্যতের জন্য। এই ছেলেরা সেমিস্টার মিস করে, পিতা-মাতার কাছ থেকে অর্থনৈতিক সাপোর্ট হারিয়ে ফেলে, কোনোমতে পাশ করে অথবা কলেজ-ভার্সিটি শেষ করতে পারে না। এখন এরা কোনো মুদি দোকানে বা কোনো গ্যাস স্টেশনে চাকরি করে। আমি বলছি না যে এই চাকরিগুলো খারাপ। কিন্তু, তুমি যখন জীবনে ভালো কিছু করার সুযোগ পেয়েছ আর তুমি তা নষ্ট করে ফেলেছো, তখন এই চাকরিগুলো সমস্যাজনক। তারা জীবনে ভালো কিছু করতে পারতো কিন্তু সুযোগ নষ্ট করে ফেলল। যারা জীবনে এইরকম কোনো সুযোগ পায়নি তাদের কথা ভিন্ন। তারা আর এরা এক নয়। অন্যদিকে, যে ছাত্রগুলো আনন্দ-স্ফূর্তির সুযোগ ইচ্ছা করেই পরিত্যাগ করেছিল, যে মজা করতে পারতো তা ছেড়ে দিয়েছিল...কারণ, তারা তাদের সময়কে দেখেছে একটি বিনিয়োগ হিসেবে। তারা দেখেছে বিরক্তিকর পড়া-লেখাকে বিনিয়োগ হিসেবে। ঘুম ত্যাগ করে রাতে উঠে অতিরিক্ত অধ্যয়ন করাকে তারা বিনিয়োগ হিসেবে দেখেছে। আর ভবিষ্যত জীবনে তারা এর রেজাল্ট পেয়েছে। এখন, তারা উন্নত জীবন-যাপন করছে। তারা এখন অধিক সুখী। এইসব কিছু পার্থিব সেন্সে, তাই না? যে ধারণাটি আমাদের মনে গেঁথে নিতে হবে - আমাদের করা প্রতিটি কাজের ঢেউয়ের মত চলমান প্রভাব আছে। যে সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি, পরিণামে এগুলো আরো অন্য অনেক সিন্ধান্তের দরজা উন্মুক্ত করে দেয়। জীবনের সামনে কিছু কিছু দরজা খুলে যাবে আমাদের কাজের পছন্দ-অপছন্দের কারণে। আর কিছু কিছু দরজা বন্ধ থাকবে আমাদের কাজের পছন্দ-অপছন্দের কারণে। এটাই হলো - ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ - "এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ।" (৩:১৮২) এখন দীনের দৃষ্টিতে ভেবে দেখি। একজন মুসলিম হিসেবে আমরা শুধু ভবিষৎ জীবনের দশ বছর, বিশ বছর নিয়ে চিন্তা করি না। একজন মুসলিম চিন্তা করে— "এই বিনিয়োগটা হলো যখন আমাকে কবর দেওয়া হবে সেই সময়ের জন্য। যখন ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করা শুরু করবে। আমার এই বিনিয়োগটা কি সেই ভবিষ্যতে সাহায্য করবে? আমাকে যেদিন কবর থেকে উঠানো হবে, সবাই যখন উদ্বেগ উৎকণ্ঠায় চরম আতংকিত থাকবে, এই বিনিয়োগটা কি সেইদিন আমাকে কিছুটা নিরাপত্তা পেতে সাহায্য করবে? কারণ, সেইদিন সবাই দেওলিয়া থাকবে একমাত্র তারা ছাড়া যারা তাদের প্রচেষ্টাগুলো নিয়ে হাজির হবে। আমি কি যথেষ্ট চেষ্টা করেছি? আল্লাহর জন্য আমি কি আমার প্রচেষ্টার বিনিয়োগ করেছি?" এভাবে এই ধারণা আমাদেরকে দীর্ঘ মেয়াদি অর্থাৎ এমনকি পরবর্তী জীবন নিয়েও চিন্তাশীল হিসেবে গড়ে তোলে। একইসাথে আমরা এই দুনিয়ার ভবিষ্যত নিয়েও চিন্তা করি। -- নোমান আলী খানের আলোচনা অবলম্বনে। -- Surah Al Imran Aayah 182 -- Bayyinah tv

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...