গর্ভকালীন সময়ে মায়ের চাই বিশেষ যত্ন। নারীদের গর্ভধারণের পূর্বেই নিজের স্বাস্থ্য, গর্ভধারণ ও সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। কারণ একজন সুস্থ মা-ই পারে একটি সুস্থ ও স্বাভাবিক শিশুর জন্ম দিতে। তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা। গর্ভকালীন যত্ন বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে বিশেষ ভাবে সাহায্য করতে পারে। ◼️ গর্ভবতী অবস্থায় করণীয়ঃ ১. সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করা। ২. খাবারে থাকতে হবে একটু বাড়তি ক্যালোরি। এছাড়া গর্ভের সন্তানের জন্যে বাড়তি খাবার প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেজন্যে খাবারে থাকতে হবে বাড়তি আঁশ। খাবারের আঁশ ডায়াবেটিস প্রতিরোধ করতেও সাহায্য করবে। খাবারে থাকতে হবে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণ। শাকসবজি ও ফলমূলে পাওয়া যাবে এগুলো। মাছ খাওয়া ভালো। মাছে আছে পর্যাপ্ত ওমেগা থ্রি ফ্যাটি এসিড। যা বাচ্চার বিকাশে সহায়ক। ৩. প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার খাওয়া। ৪. পরিমিত বিশ্রাম নিতে হবে। একেবারে শুয়ে-বসা থাকাও নয় আবার দিনভর হাড়ভাঙা খাটুনিও নয়। কাজের ফাঁকে চাই পর্যাপ্ত বিশ্রাম। ৫. দুপুরের খাবারের পর কমপক্ষে ১-২ ঘণ্টা বিশ্রাম নেয়া। ৬. রাতে অন্তত ৮ ঘণ্টা ঘুমানো। ৭. প্রতিদিন ২০-৩০ মিনিট ব্যায়াম করতে হবে। সপ্তাহে অন্তত ৫ দিন। ৮. আরামদায়ক পোশাক, সূতির ঢিলেঢালা পোশাক পরা। এতে ত্বক ও শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ স্বাভাবিক থাকবে। ৯. ৪ মাস থেকে ৭ মাসের মধ্যে টিটেনাস টিকা দেওয়া। ১০. ছয় মাস থেকে ডান বা বাম কাতে শোয়া।
collected
Comments
Post a Comment