আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা অতি গুরুত্বপূর্ণ কোনো কথা বলার সময় তাঁরই বিভিন্ন সৃষ্টির নামে শপথ করে থাকেন। কুরআনুল কারীমে কখনো দুইবার কখনো তিনবারও শপথ করে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের অবতারণা করেছেন তিনি। কুরআনে একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ করা হয়েছে সূরাতুস-শামসে (৯১)। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘য়ালা এ সূরার শুরুতে সাতটি বড় বড় সৃষ্টির (সূর্য, চন্দ্র,দিন, রাত, নভোমণ্ডল, ভূমণ্ডল এবং প্রাণ) নামে শপথ করেছেন। কী এমন গুরুত্বপূর্ণ কথা, যেটা বলার জন্য সর্বাধিক সংখ্যকবার শপথ করা হয়েছে? আসুন জেনে নিই। সাতটি সৃষ্টির নামে শপথ করার পর মহান আল্লাহ বলেছেন— “যে নিজেকে পরিশুদ্ধ করে সেই সফলকাম হয় ৷ আর যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়।” আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সাধারণ কথা। বস্তুত অসাধারণ বিষয়গুলোকে শয়তান আমাদের চোখে সাধারণ করে রেখেছে। মহান সৃষ্টিকর্তার সাতত শপথ থেকে বুঝা গেল, নিজেকে সংশোধন করা একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ও প্রকৃত সফলতার মূল পথ। অথচ আমরা আজকাল নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকি। আমাদের মধ্যে কর্তব্য-সচেতনতার চেয়ে অধিকার-সচেতনতা বেশি। মহান আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে মনোযোগী হয়ে সফলকাম হওয়ার তাওফীক দান করুন। আমীন!
***********************
ভোগবাদী সমাজে ভোগের সব উপকরণ থাকলেও এখানে সত্যিকারের সুখ ও নির্মল প্রশান্তির বড্ড অভাব। সব কিছু থাকার পরও যেন কিছু একটা নেই। এজন্য একটুখানি আনন্দ ও বিনোদনের জন্য মানুষ কতো কিছু যে ট্রাই করে! এরপরও সত্যিকারের মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না।
**************************************
source- as sunnah foundation
Comments
Post a Comment