হাদিসের_শিক্ষা (পর্ব: ১৫)
আপনার হৃদয়কে পরীক্ষা করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হয়, ‘‘শ্রেষ্ঠ মানুষ কে?’’ তিনি বলেন, ‘‘প্রত্যেক শুদ্ধহৃদয় ও সত্যভাষী ব্যক্তি।’’ লোকেরা বুঝতে পারেনি। তখন নবিজি আরো স্পষ্টভাবে বলেন, ‘‘সে হবে আল্লাহভীরু ও পরিচ্ছন্নহৃদয়—যাতে কোনো পাপ নেই; সত্যদ্রোহিতা নেই; বিদ্বেষ নেই; হিংসা নেই।’’ [ইবনু মাজাহ, আস-সুনান: ৪২১৬; আলবানি, সিলসিলা সহিহাহ: ৯৪৮; হাদিসটি সহিহ] . একজন সাহাবিকে নবিজি তাঁর জীবদ্দশায় জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন। তাও সেটি একবার নয়, তিন-তিন বার! সেই সাহাবি সবাইকে ক্ষমা করে দিতেন, কারো প্রতি বিদ্বেষ ধরে রাখতেন না এবং কারও নিয়ামত দেখলে হিংসা করতেন না। শুধু এই কারণে তিনি ঘোষণাপ্রাপ্ত জান্নাতি! এই বিশেষ গুণ বাদে তাঁর বিশেষ কোনো নফল আমল ছিলো না। [আহমাদ, আল-মুসনাদ: ১২৭২০; হাদিসটি সহিহ] . আমাদের মাঝে কারো কারো অন্তর এতটাই সংকীর্ণ যে, সেখানে তার নিজেরও জায়গা থাকে না! অথচ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘মুমিন ব্যক্তি নিজেও অন্যকে ভালোবাসে, অন্যরাও তাকে ভালোবাসে। যে কাউকে ভালবাসে না এবং তাকেও কেউ ভালবাসে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই।’’ [আলবানি, সহিহুল জামি’: ৬৬৬২; হাদিসটি সহিহ] . কুরআনুল কারিমে আল্লাহ্ বলেন, ‘‘যারা হৃদয়ের কার্পণ্য হতে মুক্ত, তারাই তো সফলকাম।’’ [সুরা হাশর, আয়াত: ০৯] .source- md rehad sarker/youtube

Comments
Post a Comment