❐ স্বামীর মন জয় করার কিছু উপায়—
১. বাহির থেকে স্বামী যখন ঘরে ফিরবে হাসিমুখে তাকে বরণ করে নিন। তার হাতের ব্যাগটা নিজের হাতে নিন। একটু ফ্রেশ হতে, একটু বিশ্রাম নিতে তাকে সুযোগ করে দিন। সম্ভব হলে লেবু ইত্যাদির শরবত বা ঠান্ডা পানি পরিবেশন করুন। মনে রাখবেন– দিনশেষে মানুষটা যখন আপনার কাছে ফিরে আসে, আপনাকে মলিনমুখে দেখতে অবশ্যই পছন্দ করবে না! সারাদিনের কার্যবিবরণী, ওটা আনো নি কেন এসবকিছু তখনই বলতে যাবেন না। পর্যাপ্ত বিশ্রামের পর যা ফিরিস্তি তুলে ধরুন। ২. সবসময় পরিপাটি ও সেজেগুজে থাকার চেষ্টা করুন। রাস্তায় কোন সাজুগুজুওয়ালী চোখে পড়লে আপনার স্বামী যেনো না ভাবে– কই আমার বউটা তো কখনো এরকম করে সাজে না! বরং সে যেন দৃষ্টিকে সংযত রাখে এবং এটা ভাবে যে আমার ঘরে তো আমার বউ রয়েছে আলহামদুলিল্লাহ। ৩. স্বামীর আয় যদি স্বল্প হয়, তবে এতেই সন্তুষ্ট থাকুন। অভিযোগ করবেন না। দুনিয়াটা তো মাত্র অল্প দিনের প্রিয় বোন! কী করবেন এতো ঐশ্বর্য্য দিয়ে। এটা ভাববেন, স্বামী তো রুজি করে আপনার জন্যই। ইচ্ছে করে কোনো স্বামীই বউকে ভাত-কাপড়ের কষ্টে রাখতে চায় না। ৪. বাপের বাড়িতে বা বান্ধবীদের কাছে সবসময় স্বামীর ভালোটা বলবেন। কখনো গীবত করবেন না। সবসময় আল্লাহর শোকরিয়া আদায় করুন। এরচেয়ে খারাপ মানুষও তো আপনার স্বামী হতে পারতো! ৫. একেক সময় একেক রকম সুস্বাদু খাবার খাইয়ে স্বামীকে বাগিয়ে নিন! সব পুরুষই একটু ভোজনবিলাসী হয়। আর সেটা যদি স্ত্রীর হাতের রান্না হয় তাহলে তো কথাই নেই! ৬. আপনি তাকে দ্বীনদার হিসেবে গড়ে তুলুন। আপনিই পারবেন! তাকে নামাজে যেতে উদ্বুদ্ধ করুন। দাড়ি না রাখলে অভিমান করুন। তাহাজ্জুদ বা ফজরের সময় না জাগলে পানি ছিটিয়ে দিন। এরকম আরকি! ৭. একসাথে দু'জন মানুষ থাকলে ঝগড়া হওয়া একটা সিম্পল বিষয়। কিন্তু কখনোই তার সাথে উচ্চবাচ্য করবেন না। গলা উচিয়ে বা মুখের উপর আঙ্গুল তুলে কথা বলবেন না। ভুল যদি তারও হয়, আপনিই স্যরি বলুন। দেখবেন মানুষটা তখন তুলোর মত নরম হয়ে যাবে আপনার সামনে। আপনার জন্য তার ভিতরে একটা শ্রদ্ধাবোধও তৈরি হবে। তার গর্ব হবে আপনাকে স্ত্রী হিসেবে পেয়ে। প্রিয় বোন আর কী চাই আপনার! আপনার স্বামীর সন্তুষ্টিই তো আপনার স্বর্গ! ৮. বিছানায় শুয়ে সারাদিনের ফিরিস্তিই শুধু তুলে ধরবেন না। মাঝেমধ্যে খোশগল্প করুন। ধাঁধা জিজ্ঞেস করুন। জোকস শুনান। বেচারা স্বামীর মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। সারাদিন অপেক্ষায় থাকবে এই মুহূর্তটার! মাথা টিপে দিন। চুলে আঙুল চুবিয়ে টেনে দিন। এতে পুরুষরা খুউব আরাম পায়। গালটাও একটু টেনে দিয়েন... হিহিহি ৯. শাশুড়ীকে মায়ের মতোই শ্রদ্ধা করুন। তার সেবা করাটাকে পুণ্য মনে করুন। কখনো রাগের মাথায় শাশুড়ী যদি কিছু বলেও ফেলে প্রতিউত্তর করতে যাবেন না। কখনই শাশুড়ীর বিরুদ্ধে স্বামীকে 'কানপড়া' দিবেন না। মোদ্দাকথা স্বামীফ্যামিলির প্রতিটি সদস্যকে আপন করে নিন। ১০. মাঝেমধ্যে স্বামীকে গিফট করুন। স্বামীর থেকে টাকা হাতিয়ে নেয়ার উপায় কিংবা নিঞ্জা টেকনিক এটা! ১১. স্বামীর সম্পদের হেফাজত করুন। কখনোই কোনোকিছুর অপচয় করবেন না। একটু ভাববেন, টাকা রুজি করতে আপনার স্বামীর মাথার ঘাম পায়ে পড়েছে! আপনার স্বামী যদি স্বাবলম্বী হয় আপনার কোনো ইচ্ছেই ইনশাআল্লাহ অপূর্ণ থাকবে না। ১২. তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করুন। মাঝেমধ্যে মেসেজ লিখুন তাকে। শেষে ছোট্ট করে লিখে দিন– ওগো আমি কিন্তু তোমাকে একটুও ভালোবাসি না! আমি আপনাকে ভালোবাসি এটা বলার চেয়ে ওইটার মধ্যে ভালোবাসাটা বেশি লুকিয়ে থাকে! ১৩. রাতে খাবার নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করুন। একা খাবেন না। তাকে খাইয়ে দিন। স্ত্রী খাইয়ে দেবে, সব স্বামীদের থাকে এটা পরম চাওয়া! ১৪. স্বামীর সামনে কখনোই কোনো মেয়ের প্রশংসা করবেন না। আল্লাহ না করুন এতে হয়তো তার মনে মেয়েটির ব্যাপারে আগ্রহ জন্মাতে পারে, যা আপনার সুখের সংসারে আগুন ধরিয়ে দিবে! ১৫. স্বামী অপছন্দ করে এমন মানুষের সাথে কথা বলবেন না। অপছন্দনীয় কাজ সবসময় এড়িয়ে চলবেন। স্বামীর সামনে স্মার্টফোনে ডুবে থাকবেন না। আপনার ব্যক্তিগত কোনোকিছুই স্বামীর থেকে গোপন রাখবেন না। সবসময় সন্দেহের ঊর্ধ্বে রাখবেন নিজেকে!

Comments
Post a Comment